Sylhet Today 24 PRINT

জলাবদ্ধতা নিরসনে মৌলভীবাজারে কোদালিছড়ার খনন কাজ শুরু

মৌলভীবাজার প্রতিনিধি  |  ০৭ জানুয়ারী, ২০১৭

জলাবদ্ধতা নিরসন এবং চাষাবাদ নিশ্চিতকরণে ৫৩ লাখ টাকা ব্যয়ে মৌলভীবাজার শহর দিয়ে বয়ে যাওয়া কোদালিছড়ার খনন কাজ শুরু করেছে সরকারের বিএডিসি বিভাগ।

স্থানীয়ভাবে কাজটি তদারকি করছে মৌলভীবাজার সদর উপজেলা ও মৌলভীবাজার পৌরসভা।

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের কোদালিপুল সীমান্তে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো. শাহজালাল ও পৌর মেয়র ফজলুর রহমান। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রাথমিকভাবে ১০ ফুট গভীর ও ৪০ ফুট প্রশস্ত সাড়ে ৫ কিলোমিটার খাল খনন করা হবে। পরবর্তীতে মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলা বাকি কাজটুকু সম্পন্ন করবে।

এ কাজটি বাস্তবায়ন হলে জেলা শহর ও সদর উপজেলার পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন এবং ফসল চাষাবাদের দীর্ঘদিনের সমস্যা লাঘব হবে, পর্যটন ক্ষেত্রে তৈরী হবে নতুন সম্ভাবনা- এমনটাই আশা করছেন স্থানীয় এলাকাবাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.