নিজস্ব প্রতিবেদক | ২৪ এপ্রিল, ২০১৫
সিলেটের ব্যাংকগুলোর নিজস্ব নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে পুলিশ। মহানগরীতে অবস্থিত ব্যাংকগুলোর নিরাপত্তা জোরদারে এসএমপি পুলিশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। আশুলিয়া ব্যাংক ডাকাতির ঘটনায় এ উদ্যোগ নিয়েছে মহানগর পুলিশ।
অন্যদিকে, মফস্বল এলাকায় অবস্থিত ব্যাংকের শাখাগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়টি খতিয়ে দেখে প্রতিটি থানার ওসিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে সিলেট জেলা পুলিশের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৩এপ্রিল) সংশ্লিষ্ট থানার ওসিদের এই নির্দেশনা দেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, সিসি ক্যামেরা স্থাপন ও তা পর্যবেক্ষণের তাগিদ দিয়ে প্রতিটি ব্যাংকে শাখাগুলোতে চিঠি দেওয়া হয়েছে। সেইসাথে চিঠিতে নিজস্ব নিরাপত্তা রক্ষী বাড়ানো, অস্ত্র চালনায় তাদের সম্যক জ্ঞান থাকার তাগিদ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ব্যাংকে সিসি ক্যামেরা লাগানোর কথা থাকলেও অনেক ব্যাংক তা মান্য করেনি।তাছাড়া প্রতিটি ব্যাংকের নিজস্ব এক/দুই জন নিরাপত্তারক্ষী থাকলেও তাদের অন্যকাজে ব্যস্ত রাখা হয়। এছাড়া জরুরী প্রয়োজনে ব্যাংকগুলোতে এসএমপির হটলাইন নাম্বারও দেওয়া হয়েছে।