Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনপিকে সমাবেশ করতে দেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জানুয়ারী, ২০১৭

সিলেট নগরীর রেজিস্টারি মাঠে বিএনপি আহুত বিক্ষোভ সমাবেশ পুলিশী বাধায় পন্ড হয়েছে। গত ৫ জানুয়ারির কর্মসূচীতে বাধা প্রদানের অভিযোগে সারাদেশে আজ বিক্ষোভের ডাক দিয়েছিলো বিএনপি। পুলিশের বাধার কারণেও সিলেটে তাও করতে পারেনি দলটি।

বিকেল তিনটায় নগরীর রেজিস্টারি মাঠে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিলো সিলেট জেলা ও মহানগর বিএনপি। তবে দুপুর ২ টা থেকেই কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ ঘিরে রাখে পুরো রেজিস্টারি মাঠ। এসময় রেজিস্টারি মাঠের প্রধান ফটকও বন্ধ করে দেয় পুলিশ।

৩ টার কিছু পরে বিএনপির জনাবিশেক নেতা রেজিস্টারি মাঠে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে ফিরে যান নেতারা। ফলে পন্ড হয়ে যায় বিক্ষোভ সমাবেশ।

এরআগে গত ৫ জানুয়ারি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারেও বিএনপিকে সমাবেশ করতে বাধা দিয়েছিলো পুলিশ।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ বলেন, এই সমাবেশের কোনো ধরনের অনুমতি নেয়নি বিএনপি। তাই আইনশৃংখলা রক্ষার স্বার্থেই তাদের সমাবেশ করতে দেয়া হয়নি।

এরআগেও বিএনপি নাশকতামূলক কর্মকান্ড ঘটিয়েছে জানিয়ে ওসি বলেন, বিএনপি নেতাদের নিরাপত্তার স্বার্থেও সমাবেশ করতে দেওয়া হয়নি।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, আমরা অনুমতি চেয়ে পুলিশ কমিশনার বরাবর আবেদন করেছি। কমিশনার কার্যালয় থেকে আমাদের আপত্তি জানানো হয় নি। সাধারণত আপত্তি না জানালে আমরা ধরে নেই অনুমতি দেওয়া হয়েছে।   অথচ আজ বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.