Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিজিবি-জনতা সংঘর্ষ: সরেজমিন তদন্ত শুরু

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ০৮ জানুয়ারী, ২০১৭

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও পরিবহন শ্রমিকদের মধ্যকার সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে হামলায় ক্ষতির বিষয়টি তদন্তে মাঠে নেমেছে জেলা প্রশাসনের তদন্ত দল।

রবিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে এ তদন্ত কার্যক্রম শুরু করে তদন্ত দলটি। এছাড়াও পৃথক তদন্ত কার্যক্রম শুরু করেছে বিজিবি রিজিওন পর্যায়ের ৫ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল।

জেলা প্রশাসনের তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুখ আহমদ জানান, রবিবার থেকে সরেজমিন তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ভাংচুর করা গাড়ির সংখ্যা সনাক্ত এবং ক্ষতি নিরুপণের কাজ চলছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি, পর্যটক, পথচারী ও অন্যান্য ক্ষয়ক্ষতির বিষয়গুলোও নিরুপণ করা হবে।

দ্রুততম সময়ের মধ্যে এ তদন্ত কার্যক্রম সমাপ্ত হবে বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ স্ট্যান্ড এলাকায় বিজিবির এক কর্মকর্তার সাথে এক পরিবহণ শ্রমিকের কথা কাটাকাটির জের ধরে বিজিবি সদস্য ও পরিবহণ শ্রমিকদের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়।

এর প্রতিবাদে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে শুক্র ও শনিবার পরিবহণ ধর্মঘট পালন করে ব্যবসায়ি ও পরিবহণ শ্রমিক ইউনিয়ন। পরে ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্তের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.