Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চিকিৎসাধীন ‘বিন্টুরং’

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জানুয়ারী, ২০১৭

সুনামগঞ্জে ধরা পড়া বিরল ভালুক-বিড়াল ‘বিন্টুরং’

সুনামগঞ্জের তাহিরপুরে লোকালয়ে ঢুকে ধরা পড়া বিরল প্রাণী ‘বিন্টুরং’ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিতেশ বাবুর চিড়িয়াখানা নামে খ্যাত বাংলাদেশ বণ্যপ্রাণী সংরক্ষণ ও সেবা ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছে।

গত ২ জানুয়ারি সোমবার, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ব্রাক্ষ্মণগাঁও গ্রামের লোকালয়ে প্রবেশ করে মানুষের সোরগোলে ভয় পেয়ে গাছ থেকে পড়ে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে ‘বিন্টুরং’টি। পরে এটিকে উদ্ধার করে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলামের মাধ্যমে শ্রীমঙ্গলে নিয়ে যাওয়া হয়।

উদ্ধারকৃত বিন্টুরংটি গত বুধবার থেকে সেবা ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছে বলে জানান বাংলাদেশ বণ্যপ্রাণী সংরক্ষণ ও সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল। সুস্থ্য হলে বিন্টুরংটিকে মাধবপুর রিজার্ভ ফরেস্টে অবমুক্ত হবে বলেও জানান তিনি।

প্রাণী চিকিৎসক আরিফুল ইসলাম জানান, বিন্টুরংটি গাছ থেকে পড়ে গিয়ে মাথায় ও ঘাড়ে মারাত্মক আঘাত পেয়েছে। সম্পূর্ণ সুস্থ্য হতে প্রায় মাসখানেক সময় লাগবে বলেও জানান এ প্রাণী চিকিৎসক।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকারবিষয়ক সংগঠন প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরী জানান, বিন্টুরং (ইংরেজি নাম: Binturong, বৈজ্ঞানিক নাম: Arctictis binturong) একটি বৃহদাকৃতির দুষ্প্রাপ্য ও ভিভারিডি পরিবারভুক্ত স্তন্যপায়ী প্রাণী।

তিনি জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘন বনাঞ্চল এদের আবাসস্থল। বিন্টুরংকে ভালুক-বিড়াল (বিয়ারক্যাট) বলা হয়। কারণ, এ প্রাণীটি ভালুক ও বিড়াল উভয়ের মতো দেখতে। বর্তমানে এটি শুধু বিরল নয়, বিপদগ্রস্ত একটি প্রাণী হিসেবে আইইউসিএনের লাল তালিকায় রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.