Sylhet Today 24 PRINT

আজ সিলেট আসছেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  |  ০৯ জানুয়ারী, ২০১৭

তিনদিনের সফরে আজ (সোমবার) সিলেট আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুপুর সাড়ে ১২টায় তিনি বেসরকারি নভোএয়ারের একটি বিমানে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।

আজ বিমানবন্দর থেকে সরাসরি চলে আসবেন লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে। দুপুর ১২টা ৪৫ মিনিটে সেখানে সিলেটের চা বাগান কর্তৃক দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন অর্থমন্ত্রী।

সেখান থেকে বেলা ২টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সিলেট-১ আসনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কিত সভায় যোগ দেবেন।

বিকেল সাড়ে ৩টায় রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী উন্নয়ন মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

এছাড়া সন্ধ্যা ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ এবং রাত ৮টায় আখালিয়ার ধনুরহাটারপার মাঠে ১ম হাজী চুনু মিয়া স্মৃতি মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

মঙ্গলবার সকাল ১০টায় সিলেট জজকোর্ট প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির নব নির্মিত ৫তলা বিশিষ্ট ৫নং বার হল ভবন, সার্কিট হাউজ প্রাঙ্গনে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘উদ্দিপন’, শাহী ঈদগাহের মিনার কমপ্লেক্সসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

দুপুর ১২টায় মিরাবাজারে কিশোরী মোহন (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত সৈয়দা সাহার বানু চৌধুরী ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বিকেল ৩টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ক্যথল্যাব-এর উদ্বোধন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট সার্কিট হাউজে ৭ম মাহা বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন অর্থমন্ত্রী।

পরদিন বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটের সময় এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।

সিলেট জেলা প্রশাসনের পাঠানো অর্থমন্ত্রীর একান্ত সচিব এস এম জাকারিয়া হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.