Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পেট্টোলবোমা হামলার পরিকল্পনাকারীকে ধরতে গিয়ে আহত ওসিসহ ৩

শ্রীমঙ্গল সংবাদদাতা |  ২৪ এপ্রিল, ২০১৫

বিএনপি-জামায়াত জোটের টানা হরতাল অবরোধ চলাকালে গত ২৩ জানুয়ারী মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভৈরববাজারে ট্রাকে পেট্রোল বোমা হামলার পরিকল্পনাকারী ও বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভূক্ত অন্যতম আসামী ও যুবদল নেতা মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ধরতে গিয়ে সাইফুলের সহযোগিদের হামলায় আহত হন ওসিসহ ৩জন। 

এ দিকে তাকে গ্রেফতারের সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় শ্রীমঙ্গল থানার ওসি আব্দুল জলিল, এসআই গিয়াস উদ্দিন ও এএসআই আবুল বাশারসহ বেশ কয়েকজন আহত হন।

২৪ এপ্রিল শুক্রবার দুপুর ১টায় শ্রীমঙ্গল থানায় এক প্রেসব্রিফিং করে অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল জানান, গ্রেফতার হওয়া সাইফুল ইসলাম ভৈরববাজারে ট্রাকে পেট্রোল বোমা হামলার পরিকল্পনাকারীদের মধ্যে অন্যতম ছিল এবং সে সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত।

এছাড়াও সাইফুল দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িত বলে পুলিশ জানায়। এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ এসল্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে অফিসার ইনচার্জ জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.