সিলেটটুডে ডেস্ক | ০৯ জানুয়ারী, ২০১৭
সদ্য কারামুক্ত সিলেট সিটি কর্পোরেশনের (সাময়িক বরখাস্তকৃত) মেয়র অসুস্থ আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে যান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান। আরিফ রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৯ জানুয়ারি) বিকেলে হাসপাতালে গিয়ে আমান উল্লাহ আমান অসুস্থ আরিফের চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় বিএনপি নেতা খায়রুল কবীর খোকন, সাবেক এমপি ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম ও নাসের রহমান তার সাথে ছিলেন। এসময় খায়রুল কবীর খোকন অসুস্থ আরিফুলের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
আরিফুল হক চৌধুরী হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ায় ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালের ৫২২ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।