জগন্নাথপুর প্রতিনিধি | ১০ জানুয়ারী, ২০১৭
সুনামগঞ্জের সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর রোডে ফিটনেসবিহীন একটি যাত্রীবাহী বাস দূর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলার পৌর এলাকার ইসহাকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেন (২৩) নামের একজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে সিলেট থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ইসহাকপুর গ্রামে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খাঁদে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে আশপাশ এলাকার মানুষ ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে পাঠান।
দেলোয়ার হোসেন ছাড়াও আহত হয়েছেন আড়াই বছরের শিশু তাওহিদ মিয়া, আনোয়ারা বেগম(২২), শুকুর আলী (৪৫), আক্তার হোসেন (২২), আনহার মিয়া (৩৪), হাবিবুুর রহমান (২৫), আরব আলী (২৭), সোহরাওয়ার্দী খাঁন(২৬), তাওহীদ মিয়া (২৩), আবু খালেদ (৩৫) ।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন জগন্নাথপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এস.আই) অভিজিৎ সিংহ। তিনি জানান, দেলোয়ার নামের এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আহতদেরকে স্থানীয় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।