Sylhet Today 24 PRINT

বিরল ‘বিন্টুরং’: উন্নত চিকিৎসার জন্য গাজীপুর সাফারি পার্কে

নিজস্ব প্রতিবেদক |  ১০ জানুয়ারী, ২০১৭

চিকিৎসায় শারিরীক অবস্থার উন্নতি না হওয়ায় বিরল প্রজাতির বিন্টুরং বা ভালুক-বিড়ালটিকে শ্রীমঙ্গলের বাংলাদেশ বন্যপ্রাণী আশ্রম ও সেবা ফাউন্ডেশন থেকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ‍দুপুরে সুচিকিৎসার জন্য ভালুক-বিড়ালটিকে গাজীপুরে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন সহকারি বন সংরক্ষক তবিরুর রহমান।

তিনি বলেন, গত ৩-৪ দিন ধরে বিন্টুরং টি মুখে কিছু খাচ্ছে না। ধারণা করা হচ্ছে তার অভ্যন্তরীণ কোন ক্ষত রয়েছে, এছাড়াও তার মলের রঙ লাল দেখায় বোঝা যাচ্ছে অভ্যন্তরীণ কোন ইনফেকশন এখনো রয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য প্রাণীটিকে গাজীপুর সাফারি পার্কে প্রেরণ করা হয়েছে।

গত ২ জানুয়ারি সোমবার, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ব্রাক্ষ্মণগাঁও গ্রামের লোকালয়ে প্রবেশ করে মানুষের সোরগোলে ভয় পেয়ে গাছ থেকে পড়ে গিয়ে গ্রামবাসীর হাতে ধরা পড়ে ‘বিন্টুরং’টি। পরে এটিকে উদ্ধার করে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মনিরুল ইসলামের মাধ্যমে শ্রীমঙ্গলে নিয়ে যাওয়া হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকারবিষয়ক সংগঠন প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরী জানান, বিন্টুরং (ইংরেজি নাম: Binturong, বৈজ্ঞানিক নাম: Arctictis binturong) একটি বৃহদাকৃতির দুষ্প্রাপ্য ও ভিভারিডি পরিবারভুক্ত স্তন্যপায়ী প্রাণী।

তিনি জানান, দক্ষিণ-পূর্ব এশিয়ার ঘন বনাঞ্চল এদের আবাসস্থল। বিন্টুরংকে ভালুক-বিড়াল (বিয়ারক্যাট) বলা হয়। কারণ, এ প্রাণীটি ভালুক ও বিড়াল উভয়ের মতো দেখতে। বর্তমানে এটি শুধু বিরল নয়, বিপদগ্রস্ত একটি প্রাণী হিসেবে আইইউসিএনের লাল তালিকায় রয়েছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.