Sylhet Today 24 PRINT

পুলিশের অপরাধ কোন ভাবেই সহ্য করা যাবে না : এসএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক |  ১১ জানুয়ারী, ২০১৭

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেছেন, সিলেটে ছিনতাইয়ের সাথে কোন পুলিশ সদস্য জড়িত থাকলে-তাদেরকে কোন ভাবে ছাড় দেয়া হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট সদস্যকে চাকুরী থেকে বরখাস্ত করা হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমি পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার চেষ্টা করবো। কিন্তু, পুলিশের অপরাধ কোন ভাবেই সহ্য করা যাবে না।

বুধবার দুপুরে সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন নতুন এসএমপি কমিশনার। এসএমপি’র কনফারেন্স হলে আয়োজিত মতবিনিময় সভায় নতুন কমিশনার অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি নাগরিক সেবা প্রদানে পুলিশ সদস্যদের আন্তরিক হওয়ারও পরামর্শ দেন।

তিনি সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা করনীয় তার সবকিছুই করার আশ্বাস দিয়ে বলেন, হকার সমস্যা, জঙ্গিতৎপরতা ইত্যাদি আমরা সকলের সহযোগিতায় সমাধান করব।

রাস্তায় সরকারি বিভিন্ন বাহিনীর গাড়ির উল্টো যাতায়াত এবং যত্রতত্র পার্কিং বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমরা আইনশৃংখলা কমিটির সভায় তুলে ধরব।

এছাড়া হাইড্রোলিক হর্ণ বাজিয়ে মোটর সাইকেল চালানো, হিজড়াদের উৎপাত ইত্যাদি সমস্যাও দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

সভায় পুলিশের সঙ্গে সাংবাদিক এবং জনসাধারণের সহজে যোগাযোগের বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা তুলে ধরে বক্তব্য রাখেন অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.