Sylhet Today 24 PRINT

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক |  ১২ জানুয়ারী, ২০১৭

তিন দফা দাবি আদায়ে কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। এ লক্ষ্যে তারা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন।

গত ৮ জানুয়ারি সিলেটের জেলা প্রশাসক বরাবরে প্রেরিত এক স্মারকলিপিতে এই ধর্মঘট কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়।

মহামান্য হাইকোর্টের আদেশ সত্ত্বেও জাফলং বিছনাকান্দি ও ভোলাগঞ্জ পাথর কোয়ারি খুলে না দেওয়ায় এবং জবর দখলকৃত সিএনজি অটোরিকশা স্ট্যান্ড উদ্ধার এবং ২৭ ডিসেম্বর এয়ারপোর্ট থানায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেপ্তার ও গাড়ি উদ্ধারের দাবিতে এই কর্মসূচি দিয়েছে এই সংগঠন। তারা ১৫ জানুয়ারির মধ্যে তাদের ৩ দফা দাবি মেনে না নিলে ১৬ জানুয়ারি সোমবার সকাল ৬টা থেকে সিলেট জেলার সর্বস্তরের পরিবহন শ্রমিকদের নিয়ে অনির্দিষ্ট কালের ধর্মঘট পালন করবে।

জানা যায়, জাফলং বিছনাকান্দি ও ভোলাগঞ্জ পাথর কোয়ারী দীর্ঘদিন ঘরে বন্ধ থাকায় এই কোয়ারির হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। তারা কাজের অভাবে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ অবস্থায় মহামান্য হাইকোর্টে কেয়ারিগুলো খুলে দেওয়ার জন্য একটি রিট পিটিশন করা হয়। রিট পিটিশনের (রিট পিটিশন নং-১৪৫১৪) প্রেক্ষিতে মহামান্য আদালত ২৪ ডিসেম্বর উপরোক্ত ৩টি কেয়ারিতে স্বাভাবিক কার্যক্রম চালু করার নির্দেশ দেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল হাইকোর্টের আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। প্রশাসনের যথাযথ উদ্যোগ না থাকায় শ্রমিকদের মাঝে হাহাকার ও অসন্তেুাষ দেখা দিয়েছে।

এদিকে, সিলেট জেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর আওতাধীন গোলাপগঞ্জ উপজেলার বাগা-সোনাপুর এলাকায় অবস্থিত সিএনজি অটোরিকশা স্ট্যান্ড জবরদখল থেকে মুক্ত করতে বেশ কিছু দিন ধরে অটোরিকশা শ্রমিকরা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সার্ভেয়ার ধারা স্ট্যান্ডের জমি মাপজোক করে নির্ধারিত করে দেওয়া হয়। কিন্তু তারপরও দখলমুক্ত হচ্ছে না স্ট্যান্ডের জমি।

তাছাড়া গত বছরের ২৭ ডিসেম্বর গাড়ি চুরির অভিযোগের এয়ারপোর্ট থানায় দায়েরকৃত মামলার আসামীদের গ্রেপ্তার ও গাড়ি উদ্ধারের দাবি জানিয়েছেন অটোরিকশা শ্রমিক নেতৃবৃন্দ।

শ্রমিক নেতৃবৃন্দের অভিযোগ, বাঘা সোনাপুর সিএনজি স্ট্যান্ডের জমি দুর্বৃত্তরা জোরপূর্বক দখল করে রেখেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.