Sylhet Today 24 PRINT

প্রমাণ থাকার পরও সালমান শাহ হত্যার সঠিক তদন্ত হচ্ছে না, অভিযোগ মায়ের

নিজস্ব প্রতিবেদক |  ১২ জানুয়ারী, ২০১৭

চিত্রনায়ক সালমান শাহ হত্যাকান্ডের বিচার দাবিতে সিলেটে জনসভা ও মতবিনিময় হয়েছে। বৃহস্পতিবার  বিকেলে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ সালমান শাহর পরিবারের সদস্য ও অন্যরা।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে এই জনপ্রিয় নায়ককে হত্যা করা হলেও তার বিচার হচ্ছে না। হত্যার বিভিন্ন আলামত স্পষ্ট থাকলেও একটি মহল আইনকে প্রভাবিত করে এই হত্যাকান্ডকে ধামাচাপা দিতে চাইছে।

বক্তব্য দিতে গিয়ে নীলা চৌধুরী বলেন, উপযুক্ত প্রমাণ থাকার পরও সঠিক তদন্ত হচ্ছে না। বলা হচ্ছে আত্মহত্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার আস্থা আছে। তিনি নিজেও স্বজন হারানোর ব্যাথা জানেন। সন্তানহারা মায়ের কষ্ট তিনি বুঝবেন বলেই আশা রাখি। আমি আমার একমাত্র সন্তান হত্যার বিচার চাই।

সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সালমান শাহর মামা আরওঙ্গজেব চৌধুরী বুলবুল, আলমগীর কুমকুম, সালমান শাহর চাচা জালাল আহমদ চৌধুরীসহ অন্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.