নিজস্ব প্রতিবেদক | ১৩ জানুয়ারী, ২০১৭
দেশ ও দেশের বাইরের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের একিভূতকরণে অবদান রাখার জন্য ‘৩য় নিরাফাত আনাম মেমোরিয়াল ইনক্লুশন (নামি) এ্যাওয়ার্ড ২০১৭’-এ ভূষিত হয়েছেন মানবাধিকার ও উন্নয়নকর্মী মনসুর আহমেদ চৌধুরী।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে পুরস্কার বিতরণি অনুষ্ঠানের আয়োজন করে এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন (এসিআইই)। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনসুর আহমেদ চৌধুরীর হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সম্মাননা পুরস্কারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট-এর বিশেষ শিক্ষা অনুষদের প্রাক্তন সহকারী অধ্যাপক মরহুম ড. নিরাফাত আনামের স্মরণে নামকরণ করা হয়, যিনি তার পেশাগত জীবনের পুরোটাই বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের একিভূতকরণের কাজে নিবেদন করেছিলেন।
উল্লেখ্য, মনসুর চৌধুরী আহমেদ সাত বছর বয়সে তিনি তার দৃষ্টিশক্তি হারান এবং ব্রেইল পদ্ধতিতে পড়াশুনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তাঁর শিক্ষাজীবন সমাপ্ত করেন। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার উন্নীতকরণ ও সুরক্ষার সাথে সাথে পরিহারযোগ্য প্রতিবন্ধীত্ব প্রতিরোধ ও প্রতিবন্ধীত্ব হ্রাসকল্পে তিনি দেশে-বিদেশে বিভিন্ন উন্নয়ন সংস্থার পাশাপাশি সরকারী প্রতিষ্ঠান জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে নেতৃত্ব দেন।
মনসুর আহমেদ চৌধুরী জাতিসংঘ প্রতিবন্ধী অধিকার বিষয়ক কমিটির তিনি প্রাক্তন সদস্য ছিলেন। মনসুর চৌধুরী ইমপ্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ট্রাস্টি, বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি এবং ডিসএবিলিটি কাউন্সিল ইন্টারন্যাশনাল এর কার্যনির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনসুর আহমেদ চৌধুরীর জন্ম সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর গ্রামে।