Sylhet Today 24 PRINT

ছাতকে বসতবাড়িতে ঢুকে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জানুয়ারী, ২০১৭

ছাতকের পালপুরে সম্প্রতি গ্রামের কিছু সংঘবদ্ধ বখাটে, সন্ত্রাসী কর্তৃক বসতবাড়িতে ঢুকে অতর্কিত হামলায় একটি শিক্ষিত পেশাজীবী পরিবারের নারী সদস্য সহ চারজন প্রায় পঙ্গু এবং অশ্লীল অপপ্রচার ও মিথ্যা মামলার শিকার হয়ে পরিবারের দুই আইনজীবী, একজন স্থপতি, আইন বিষয়ে অধ্যয়নরত এক ছাত্র এবং একজন স্কুলশিক্ষক চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১১ ডিসেম্বর) কোর্ট পয়েন্টে সিলেট আইনজীবী সমিতির পক্ষ থেকে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধনের কর্মসূচির পাশাপাশি শনিবার (১৪ জানুয়ারি) স্থানীয় এক হোটেলেও সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে সিলেট বারের এডভোকেট তাহমিনা তাফাসসুম এমন অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে এডভোকেট তাহমিনা তাফাসসুম জানান, ছাতকের পালপুর গ্রামে একটা কুচক্রী মহল দীর্ঘদিন ধরে তাদের পরিবারের শিক্ষা ও সাফল্যে ঈর্ষান্বিত হয়ে নানাভাবে হেনস্থা করার পায়তারা করে আসছে। একটি পেশাজীবী পরিবার হিসাবে দেশে বিদেশে ব্যস্ত জীবনযাপন করায় এই মহল কখনো তাদের সম্পত্তি আত্মসাতের জন্যে সরাসরি আক্রমণ, কখনো মিথ্যা মামলা দিয়ে হয়রানি আবার কখনো নানা রকম কুরুচিপূর্ণ পোস্টার ছাপিয়ে মানহানি ও হেয় প্রতিপন্ন করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। সপ্তাহখানেক আগে এইসব অশ্লীল-কুরুচিপূর্ণ পোস্টার ছাতক-সুনামগঞ্জ এবং সিলেট শহরের দেয়ালে দেয়ালে এমনকি সিলেট কোর্টের দেয়ালেও টাঙানো হয়েছে।

তিনি বলেন, আমি নিজে দেশে আইনের শাসনকে সমুন্নত রাখতে মহান আইন পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি আমার পরিবার পালপুর তালুকদার বাড়ির অন্যান্য সদস্যরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজেদের পেশায় দেশ বিদেশে সুনাম অর্জন করেছেন। আমার বড় ভাই টি এম আহমেদ কায়সার শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে যুক্তরাজ্যে উচ্চতর শিক্ষা নিয়ে এখন ওখানেই স্থানীয় সরকার প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা এবং একজন প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে দেশে বিদেশে পরিচিত। আমার চাচা সিলেট রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমার মেজভাই আহমেদ আহসান একজন শিক্ষক, ছোটভাই আহমেদ আনহার একজন তরুণ স্থপতি, ড. টি এম ইমরান সিলেটে একজন  তরুণ চিকিৎসক, ভাইপো মাহি তালুকদার সিলেট বারের জনপ্রিয় আইনজীবী, আমার বাবা পালপুর উচ্চ বিদ্যালয় ও পালপুর আলীম মাদ্রাসার ভুমিদাতা এবং চাচা চাচীদের প্রায় সকলেই শিক্ষক হিসাবে এলাকার মানুষের কাছে জ্ঞানের আলো প্রচার করে আসছেন। গ্রামের বখাটেরা ঈর্ষান্বিত হয়ে নানাভাবে গ্রামের বাড়িতে থাকা সম্পত্তি আত্মসাতের জন্যে গায়ে পড়ে দাঙ্গা হাঙামা ও নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে আসছে।

কিছুদিন পূর্বে তাঁদের গ্রাম দিয়ে যাওয়া জালালপুর-লামারসুলগঞ্জ সড়কের পাশের অনেকগুলো বিশাল গাছ স্থানীয় ভুমিখেকো আকিক মোল্লা-ফখর-আব্দুল জলিল মানিক-আবুল গংদের নেতৃত্বে কেটে ফেলার সময় আমার বাবা এলাকার কিছু সচেতন লোকজনদের নিয়ে সরকারি গাছ কাটতে মানা করেন কিন্তু তারা তা অমান্য করে গাছ কেটে প্রকাশ্যে তা বিক্রিও করে দেয়। আমার বাবা তা সড়ক প্রকৌশলীকে অবহিত করলে তিনি তা সরেজমিনে তদন্ত করে আকিক মোল্লা ও দোষীদের বিরুদ্ধে সরকারী সম্পদ নিধন ও চুরির অভিযোগে ছাতক থানায় একটি মামলা করেন, মামলা নং- ২৩/৩১১। এরই জের ধরে চার বছর আগে অসামাজিক কার্যকলাপের জন্যে পঞ্চায়েত থেকে বিতাড়িত আব্দুল জলিল মানিক, সিএনজি চুরির মামলায় জামিনপ্রাপ্ত আসামি ফখর, সরকারি গাছ কাটা ও বিক্রির মামলার আসামী আকিক মোল্লা ও জলিল মোল্লাসহ অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত গ্রামের বিভিন্ন গোষ্ঠী মিলে দুই দফায় ১৯ ও ২৬ ডিসেম্বর প্রায় দুই শতাধিক মানুষ আমাদের গ্রামের বাড়িতে থাকা দশ বারোজন চাচা এবং ভাইদের উপর তাদের বসতবাড়িতে মধ্যযুগীয় কায়দায় অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় (এ নিয়ে ছাতক থানায় আমাদের পরিবারের লোকজনরা জীবনের নিরাপত্তা চেয়ে এবং বিচার চেয়ে একাধিক মামলা করেন, ১৯ ও ২৬ ডিসেম্বরে হামলার ঘটনায় মামলা নং যথাক্রমে ৩০৯/১৬ ও ¬¬¬৩৫৫/ ১৬ এবং জীবনের নিরাপত্তা চেয়ে আরো দুটি জিডি দায়ের করেন, যার নং- ১৩৮/১৬ ও ১২৭১)।

এতে আমার এক চাচা তাহিদ তালুকদার ও চাচাতো ভাই জাহাঙ্গীর তালুকদার, তোফায়েল আহমেদ, চাচি শামসিয়া তালুকদার এখন প্রায় পঙ্গু। অথচ পালপুর গ্রামের দাঙ্গায় আহত হাসান নামের কেউ একজন, যাকে আমরা চিনিই না, তাকে সিলেটে হতাহত দেখিয়ে আমিসহ রাজধানী ঢাকায় নিজ পেশায় নিয়োজিত আমার ছোটভাই স্থপতি আহমেদ আনহার, মেজো ভাই স্কুল শিক্ষক আহমেদ আহসান, ভাইপো এডভোকেট মাহি তালুকদার, চাচাতো ভাই আইন বিভাগের ছাত্র রাহাত আলম শোভন, ভাইপো রায়হানের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা মামলা দায়ের করেছে। অথচ এইসব পিশাচ মানুষেরা আমাদের প্রায় পঙ্গু হয়ে যাওয়া রোগীদের পর্যন্ত হাসপাতালে আসতে ব্যারিকেড সৃষ্টি করে, এমনকি হাসপাতালে এসে আক্রমণ করার জন্যে দেশীয় অস্ত্রশস্ত্র সহ মাইক্রোবাস বোঝাই করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসে। পুলিশ গাড়ি ও অস্ত্রশস্ত্র সহ দুজনকে গ্রেপ্তার করে তা স্থানীয় মিডিয়াতে স্বীকার করলেও পরে তাদের ছেড়ে দেয়। পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো বিজ্ঞ আদালতের নির্দেশে এর কারণ খতিয়ে দেখছে। আইনের শাসনকে সমুন্নত করতে ও মানুষের জন্যে আইনি লড়াই করার প্রতিজ্ঞা করে আইনি পেশায় জড়িত হয়েছি, অথচ তারা সিলেটে এসে আমাদের দুজনকেও এই মিথ্যা মামলায় অন্তর্ভুক্ত রাখতে দ্বিধা করেনি। এতদসত্বেও এখন নানা রকম কুরুচিপূর্ণ পোস্টার ছাপিয়ে আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার সব রকম অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এডভোকেট তাহমিনা তাফাসসুম আরো বলেন, আমরা এই মিথ্যা মামলার প্রত্যাহার চাই, অশ্লীল পোস্টার ও প্রোপাগান্ডার নিরসন ও গ্রামের সহায় সম্পত্তি সহ জীবনের নিরাপত্তা চাই এবং এইসব বখাটে, চোর ডাকাত, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনানুগ প্রশাসনিক পদক্ষেপ চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সমুজ মিয়া তালুকদার, সিলেট রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছাদ মিয়া, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এডভোকেট প্রবাল চৌধুরী পূজন, এডভোকেট হোসাইন আহমদ শিপন, এডভোকেট জয়নুল হোসেন রুবেল, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট গাজী আজমল, এডভোকেট রবিউল ইসলাম, এডভোকেট শাকি শাহ ফরিদী, এডভোকেট রব নেওয়াজ রানা, ডা. ইমরান আহমেদ, এস এম তাহফীম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.