নিজস্ব প্রতিবেদক | ১৫ জানুয়ারী, ২০১৭
কানাইঘাটে ৫০ কোটি টাকা মূল্যমানের সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযানে নেমেছে প্রশাসন। হাই কোর্টের এক রিটের নিষ্পত্তির পরিপ্রেক্ষিতে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
রোববার (১৫ জানুয়ারি) সকালে কানাইঘাটের রায়ের বাজারে অবস্থিত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে নেতৃত্ব দেন কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তারেক মোহাম্মদ জাকারিয়া। এ সময় তাঁর সঙ্গে এসিল্যান্ড সুমন আচার্য ও কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর সহ প্রশাসনের অন্যান্যরা ছিলেন।
উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক মোহাম্মদ জাকারিয়া সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ি রোববার সকালে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এলাকার মানুষজন প্রশাসনকে সহযোগিতা করছে বলে জানান তিনি।
তারেক মোহাম্মদ আরও বলেন, ভবনের উপরে টাওয়ার এবং ভবনটি বহুতলবিশিষ্ট হওয়ার কারণে একসাথে পুরোপুরি উচ্ছেদ সম্ভব হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হবে। কতদিনের জন্যে নোটিশ দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে সময় নির্ধারণ করা হবে।
উল্লেখ্য, কানাইঘাট উপজেলার রায়ের বাজারে ডিসির ১নং খতিয়ানের জায়গা অবৈধ দখলদাররা নিজেদের দখলে নিয়ে সেখানে বহুতল ভবন সহ পাকা-আধপাকা কয়েকটি ভবন নির্মাণ করে। বিগত ওয়ান ইলেভেনের পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে অবৈধ দখলদারদের উচ্ছেদ প্রক্রিয়া শুরু হলে তারা হাইকোর্টে রিট করেন। এরপর দীর্ঘ আইনি লড়াই শেষে উচ্ছেদের পক্ষে রায় দেন আদালত।