Sylhet Today 24 PRINT

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, শীতে বিপর্যস্ত জনজীবন

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ১৫ জানুয়ারী, ২০১৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রোববার (১৫ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল থেকে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সূর্যের আলো কিছুটা থাকলেও তাতে তাপ নেই। আগামী দু-একদিন এরকম ঠাণ্ডা থাকতে পারে।

শ্রীমঙ্গলের চা বাগান ও হাওর এলাকার মানুষ আছেন সবচেয়ে বিপাকে। তীব্র শীতে বিপর্যস্ত পাহাড়ী এলাকার চা শ্রমিক ও হাওরপারের মানুষ।

দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। তীব্র শীতে মানুষকে আগুন জ্বালিয়ে সড়কের পাশে উত্তাপ নিতে দেখা গেছে। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে অনেকে অতি কষ্টে দিনযাপন করছেন।

ভাড়াউড়া চা বাগানের শ্রমিক সমিরণ কাহার ও সুনিল বাড়াইক বলেন, "তীব্র শীতে গরম কাপড় না থাকায় কষ্ট হয়। কখনও আগুন জ্বালিয়ে, আবার কখনও ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থেকে শীত নিবারণের চেষ্টা করছি।"

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রোগের প্রকোপও। মৌলভীবাজার সদর হাসপাতাল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংখ্য শিশু ও বৃদ্ধ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.