Sylhet Today 24 PRINT

জাফলং পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে ৪ ঘণ্টা সড়ক অবরোধ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৫ জানুয়ারী, ২০১৭

হাইকোর্টের নির্দেশ মোতাবেক জাফলং, বিছনাকান্দি ও ভোলাগঞ্জ পাথর কোয়ারি সচল না হওয়ার প্রতিবাদে জৈন্তাপুর-গোয়াইনঘাট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ চলাকালে সিলেট-তামাবিল মহাসড়কে প্রায় ৪ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে স্থানীয় নলজুরি বাজারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ৪ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কের উভয় পাশে সহস্রাধিক যানবাহন আটকা পড়ে।

আয়োজিত বিক্ষোভ সমাবেশ বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, মানবিক দিক বিবেচনা করে কয়েক লক্ষ লক্ষ ব্যবসায়ী ও শ্রমিকের রুটি রুজির একমাত্র উপার্জনস্থল জাফলং পাথর কোয়ারি আল্লাহর ওয়াস্তে সচল করে দিন। দ্রুত সময়ের মধ্যে জাফলং পাথর কোয়ারি সচল ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন কার্যক্রম স্বাভাবিক করে না দেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

জৈন্তাপুর-গোয়াইনঘাট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়কারী আব্দুল মুতলিব খানের সভাপতিত্বে ও জাফলং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সোহেল আহমেদের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সিলেট জেলা ট্রাক চালক সমিতির সাবেক সভাপতি আবু সরকার, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক হাফিজ মিয়া, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত্, সহ সভাপতি আব্দুর রহিম খান, তামাবিল পাথর, চুনা পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক ছরোয়ার হোসেন ছেদু, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দছ আলী, ইসমাইল হোসেন সুরুজ, ইউপি সদস্য লিটন মিয়া, বৃহত্তর জৈন্তা ট্রাক চালক সমিতির সভাপতি মো. নুরু মিয়া, সাধারণ সম্পাদক ইদন মিয়া, জাফলং ট্রাক চালক সমিতির সাবেক সভাপতি ফয়জুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, জৈন্তাপুর উপজেলা শ্রমিকলীগ নেতা সেলিম আহমেদ, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাফলং বাবজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহীন মিয়া, জাফলং পাথর শ্রমিক সংগঠনের সভাপতি আব্দুস শহীদ, সম্পাদক আব্দুস ছালাম, সানকী ভাঙ্গা মিতালী যুব সংঘের সভাপতি জাহিদ খান, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি হোসাইন ইসহাক, সম্পাদক নাজিম উদ্দিন, জাফলং পর্যটন কেন্দ্র ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়া, প্রজন্ম জাফলংয়ের সভাপতি রিপন আহমেদ প্রমুখ।

সমাবেশে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার এক সপ্তাহের মধ্যে জাফলং পাথর কোয়ারি সচলের আশ্বাস দিলে সংগঠনের নেতৃবৃন্দ সাময়িকভাবে কর্মসূচী স্থগিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.