Sylhet Today 24 PRINT

ফুলতলীর মাহফিলে শিরনি নিতে গিয়ে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

জকিগঞ্জ প্রতিনিধি  |  ১৫ জানুয়ারী, ২০১৭

সিলেটের জকিগঞ্জে ইসলামী চিন্তাবিদ শামসুল ওলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর (র.) এর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈসালে সওয়াব মাহফিলে শিরনি নিতে গিয়ে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

রোববার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে শিরনি বিতরণের সময়ে এ দুর্ঘটনা ঘটে।

দুই মুসল্লির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা। তবে নিহতের নাম-পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি এ পুলিশ কর্মকর্তা।

ঈসালে সওয়াব আয়োজক কমিটির অন্যতম সদস্য মুহিবুর রহমান জানান, শিরনি নেওয়ার জন্য ৪০টি লাইন ছিল। এখানে হুড়াহুড়িতে অনেকে আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, আল্লামা ফুলতলীর অনুসারিরা প্রতিবছরের এ দিনে ঈসালে সওয়াব মাহফিল উপলক্ষে সেখানে জড়ো হন। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় ফুলতলী ছাহেববাড়ি বাড়ি সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হওয়া এ মাহফিলে দেশ-বিদেশের অনেক অতিথি সহ লক্ষাধিক লোক জড়ো হন।

এবছরের ঈসালে সওয়াব মাহফিল রোববার সকাল সাড়ে ১০টায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলার (র.) মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হয়। এরপর খতমে কোরআন ও দোয়ার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারি, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরিফের খতম, জিকির মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.