হবিগঞ্জ প্রতিনিধি | ১৬ জানুয়ারী, ২০১৭
হবিগঞ্জে কৃষি, শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় সরকারী উচ্চ বিদ্যালয় এর মাঠ নিউ ফিল্ডে মাস ব্যাপী মেলার উদ্বোধনকালে এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পথে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির বিকল্প নেই। ঘরে ঘরে ক্ষুদ্র ও কুঠির শিল্পের বিকাশ ঘটাতে হবে। বাণিজ্য মেলার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে বাজারের ব্যবস্থা করে দিলে তারা আরও অনুপ্রাণিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট দুলাল সূত্রধরসহ চেম্বার নেতৃবৃন্দ।
এর আগে সোমবার দুপুরে চেম্বার কার্যালয়ে সংবাদ সম্মেলনে চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম জানান, মাস ব্যাপী মেলায় ১০০টি স্টল অংশ গ্রহণ করছে। মেলায় বিভিন্ন স্থান থেকে স্টল এসেছে। বিভিন্ন হস্ত-শিল্প ও পণ্যের পাশাপাশি মেলায় বিনোদন ও খাবার স্টলেরও ব্যবস্থা রয়েছে। মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। মেলা শেষে প্রবেশ টিকেটের উপর লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।