Sylhet Today 24 PRINT

সিলেটে বখাটের কোপে কলেজছাত্রী আহতের ঘটনায় মামলা দায়ের

জকিগঞ্জ প্রতিনিধি  |  ১৭ জানুয়ারী, ২০১৭

ছুরিকাহত ঝুমা বেগম

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুরের রসুলপুর গ্রামে কলেজছাত্রী ঝুমা বেগমকে ছুরিকাহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আহত ঝুমা বেগমের মা করিমা বেগম বাদী হয়ে জকিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

মামলায় বাহার উদ্দিন সহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়েছে। মূল অভিযুক্ত বাহারকে এখনও আটক করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য বাহারের ভাই নাসিরউদ্দিনকে আটক করা হয়।

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত রোববার (১৫ জানুয়ারি) রসুলপুর গ্রামে ঝুমা বেগমকে ছুরিকাহত করে একই গ্রামের বাহার নামের এক বখাটে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ঝুমার অবস্থা এখন আশংকামুক্ত বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।

ঝুমা বেগম জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। তাঁর বাবার নাম মুসলিম উদ্দিন। হামলাকারী বাহারও একই কলেজের শিক্ষার্থী।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাতে ঝুমা বেগমের মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.