শ্রীমঙ্গল প্রতিনিধি | ১৭ জানুয়ারী, ২০১৭
বিএডিসি শ্রীমঙ্গল জোনের আওতায় শ্রীমঙ্গল ও হবিগঞ্জের ৪ উপজেলায় ডায়মন্ড আলুর বাম্পার ফলন হয়েছে। উপজেলাগুলো হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং হবিগঞ্জের মাধবপুর, বাহুবল ও চুনারুঘাট।
শ্রীমঙ্গলের ভীমসি, মাধবপুরের হরিনখোলা ও উত্তর বেজুরা, চুনারুঘাটের লাদিয়া ও চন্দনা এবং বাহুবলের পূর্ব জয়পুর গ্রামে এই আলু চাষ করা হয়।
চলতি মৌসুমে বিএডিসি শ্রীমঙ্গল জোনের আলুবীজ হিমাগার ও উপ-পরিচালকের দপ্তর থেকে চাষিদের প্রশিক্ষণ, উন্নতমানের বীজ সরবরাহ ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট প্রদান করে ৪ উপজেলার ৩৩ জন কৃষকের মাধ্যমে ৭০ একর জমিতে ডায়মন্ড জাতের আলু চাষ করা হয় এবং এতে সফলও হয় শ্রীমঙ্গল আলুবীজ হিমাগার কর্তৃপক্ষ।
বিএডিসি আলুবীজ হিমাগার শ্রীমঙ্গল জোনের উপ-পরিচালক মো. খলিলুর রহমান জানান, এবার ৪ উপজেলায় ডায়মন্ড আলুর বাম্পার ফলন হয়েছে। প্রতি একরে ৯ থেকে ১০ টন আলু উৎপাদনের আশা করছেন আলুবীজ হিমাগার শ্রীমঙ্গল জোন কর্তৃপক্ষ।
তিনি আরো জানান, আগের মতো হল্যান্ড থেকে আলু আমদানি না করে বিএডিসি টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত ভাইরাসমুক্ত রোগবালাইহীন ভিত্তিবীজ কৃষকদের সরবরাহ করে আসছে। যার ফলে দেশে এখন আলুর ভাল ফলন হচ্ছে।
ফলে বাংলাদেশ এখন আলু উৎপাদনের দিক থেকে বিশ্বে ৮ম স্থান দখল করে নিয়েছে। বিএডিসি উৎপাদিত আলু কৃষকদের কাছ থেকে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে ক্রয় করে আলুবীজ হিমাগারে সংরক্ষণ করবে।
স্থানীয় আলুবীজ কর্তৃপক্ষ জানায়, এবার ডায়মন্ড জাতের আলুর বাম্পার ফলন হওয়ায় এলাকার অন্যান্য কৃষকরাও এই আলু চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ফলে আগামীতে আলুচাষ আরো বাড়বে বলে কর্তৃপক্ষ আশা করছে।