Sylhet Today 24 PRINT

নগরীতে তিনটি উৎপাদক নলকূপ স্থাপন করছে সিসিক

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জানুয়ারী, ২০১৭

সিলেট নগরীতে তিনটি উৎপাদক নলকূপ স্থাপন করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। নগরীর মানিক পীর সড়ক, মীরের ময়দান ও শেখঘাটে এ নলকূপগুলো স্থাপন করা হচ্ছে। এরমধ্যে মানিক পীর সড় ও মীরের ময়দানের নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে। শেখঘাটের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।

এরমধ্যে মীরের ময়দান পয়েন্ট সংলগ্ন স্থানে প্রোডাকশন টিউবওয়েল (উৎপাদক নলকূপ) চালু করতে ব্যয় হচ্ছে ৬৫ লাখ টাকা। এই উৎপাদক নলকুপ স্থাপনকালে ২০০ ফুটেরও বেশি পানির স্তর পাওয়া গেছে জানিয়ে সিটি করপোরেশন সংশ্লিস্টরা আশা করছেন, এই নলকুপ মাধ্যমে প্রতিদিন গড়ে ৯০ হাজার থেকে ১ লাখ লিটার পানি সরবরাহ করা যাবে। এতে করে উপকৃত হবেন সিলেট সিটির ১, ২, ৩, ১৩, ১৪, ১৫, ১৬ নং ওয়ার্ড তথা ৭টি ওয়ার্ডের বাসিন্দা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব রিকাবীবাজারে গিয়ে প্রোডাকশন টিউবওয়েল এর নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম আবজাদ হোসেন।

এ ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, ‘মহানগরবাসীর ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নতুনভাবে আরও ৩টি প্রোডাকশন টিউবওয়েল নির্মাণের জন্য টেন্ডার আহবান করা হয়। যার মধ্যে মানিকপীর গোরস্থান সংলগ্ন স্থানে একটি এবং রিকাবীবাজার পয়েন্টে দ্বিতীয়টির নির্মাণকাজ চলছে। শেখঘাটে তৃতীয় প্রোডাকশন টিউবওয়েল এর নির্মাণকাজও শুরু হবে শিগগিরই।’

মহানগরবাসীর চাহিদা মেটাতে হলে একাধিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা প্রয়োজন উল্লেখ করে এনামুল হাবীব জানান, ‘ভবিষ্যতের কথা চিন্তা করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের দিকে আমাদের মনোযোগী হতে হবে। এরই লক্ষ্যে কুশিঘাটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পর আরেকটি ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। সিটি কর্পোরেশনের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মহানগরবাসীর পানির চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে।’

এদিকে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর জানিয়েছেন, ‘নতুন তিনটি প্রোডাকশন টিউবওয়েল নির্মাণকাজ শেষ হলে সিটি কর্পোরেশনের প্রোডাকশন টিউবওয়েল এর সংখ্যা ৪২-এ উন্নীত হবে।’

তিনি আরো জানান, ‘সাম্প্রতিককালে যতগুলো প্রোডাকশন টিউবওয়েল নির্মাণ করা হয়েছে তার মধ্যে সর্ববৃহৎ পানির স্তর পাওয়া গেছে রিকাবীবাজারে। বর্তমানে রিকাবীবাজার পয়েন্টের প্রোডাকশন টিউবওয়েলের নির্মাণকাজও প্রায় শেষ পর্যায়ে। অন্যদিকে মানিকপীর গোরস্থান সংলগ্ন স্থানে নির্মাণাধীন প্রোডাকশন টিউবওয়েল চালু করতে এখনও ৫-৬ মাস লাগবে।’

মহানগরীতে প্রায় ৮ কোটি লিটার পানির চাহিদা আছে উল্লেখ করে আলী আকবর জানান, ‘সিলেট সিটি কর্পোরেশন প্রতিদিন গড়ে সাড়ে ৩ কোটি লিটার পানি সরবরাহ করতে সক্ষম হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.