বড়লেখা প্রতিনিধি | ১৮ জানুয়ারী, ২০১৭
বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার রাতে ৩ জুয়াড়িকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন।
থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, এসআই দেবাশীষ সূত্রধরের নেতৃত্বে পুলিশ উপজেলার দক্ষিণভাগ বাজার এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যায় জুয়া খেলার সময় বদরুল ইসলাম, মইন উদ্দিন ও রিপন আহমদ নামে ৩ জুয়াড়ীকে আটক করেন। পরে ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জুয়াড়ী বদরুল ইসলাম ও মইন উদ্দিনকে ১৫ দিনের এবং অপর জুয়াড়ী রিপন আহমদকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জুয়াড়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেন।