সিলেটটুডে ডেস্ক | ১৮ জানুয়ারী, ২০১৭
সিলেট নগরীর রিকাবিবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। বুধবার দুপুরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মুহাম্মদ দিলোয়ার বখত।
রূপকল্প-২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ নির্মাণে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরতে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। মেলার সার্বিক তত্ত্বাবধান করছে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই (অ্যাকসেস টু ইনফরমেশন) প্রজেক্ট।
মেলায় সরকারি দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, বিভাগ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ব্যাংকিং ও বেসরকারি তথ্যপ্রযুক্তি সেবার প্রতিষ্ঠানের স্টল মিলিয়ে ৪৬ টি স্টল ও ৪টি প্যাভিলিয়ন রয়েছে। সরকারি এসব সংস্থার ই-সেবার বৃত্তান্ত মেলায় উপস্থাপন করা হচ্ছে।
তাছাড়া তিন দিনব্যাপী মেলায় শিক্ষার্থীসহ আগতদের জন্য থাকছে আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, র্যা ফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১০টি সামাজিক সমস্যা সমাধানের জন্য “সলভ এ থন” শীর্ষক প্রতিযোগীতা। মেলা প্রতিদিন সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
শিক্ষা প্যাভিলিয়নে সায়েন্স কিট বক্স, শিক্ষার উদ্ভাবনী উপকরণ, শিক্ষা বিষয়ক গেম ডিমেনস্ট্রেশন, মুক্ত পাঠ, মাল্টিমিডিয়া ক্লাস, শিক্ষক বাতায়ন স্টল এবং বাংলা বানান বিষয়ে ছাত্র-ছাত্রীদের ভীতি দুর করার লক্ষ্যে এবারের মেলায় ‘শব্দকল্প দ্রুম’ নামক বাংলা উৎসব এর আয়োজন করা হবে।
এছাড়াও প্রথম দিনে ইনোভেশন সার্কেল বিষয়ক এবং শেষ দিনে ফ্রিল্যান্সিং বিষয়ক পৃথক দুইটি সেমিনার আয়োজন করা হয়েছে।
এদিকে, মেলা উপলক্ষে সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।