হবিগঞ্জ প্রতিনিধি | ২৫ এপ্রিল, ২০১৫
শনিবার দুপুরে ভূমিকম্পে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস ও সাব পোস্ট অফিস ভবনে ফাটল দেখা দিয়েছে। দুপুর সোয়া ১২টায় মিনিটখানেক স্থায়ী এ ভূমিকম্পে শহরজুড়েই আতঙ্ক দেখা দেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস থেকে বেরিয়ে যায়। এসময় পুকুরের পানিতে দেখা দেয় ঢেউ। ছাত্রছাত্রীসহ আশপাশের লোকজন দল বেধে পুকুরের ঢেউ দেখতে যান।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোহাম্মদ আবদুর রউফ জানান, ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিক ভাবে কয়েকটি ভবনে ফাটলের খবর পাওয়া গেছে।