Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ৩ খুন: মেয়র, উপজেলা চেয়ারম্যানকে আসামী করে পাল্টাপাল্টি মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৯ জানুয়ারী, ২০১৭

সংঘর্ষের ঘটনায় হাসপাতালে আহতদের কয়েকজন

সুনামগঞ্জের দিরাইয়ে জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় ৩ দিন পর থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।

মামলায় দিরাইয়ের পৌর মেয়র মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় সহ ৩৯ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য একরার হোসেন বাদী হয়ে থানায় এই মামলাটি দায়ের করেন। অপর পক্ষের ধনঞ্জয় দাস ২৯ জনকে আসামি করে একটি লুটপাটের মামলা করেন।


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, একরার হোসেন দুপুরে ৩৯ জনকে আসামি করে হত্যা মামলা ও ধনঞ্জয় দাস বাদী হয়ে ২৯ জনকে আসামি করে একটি লুটপাটের মামলা করেছেন।

গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের পাশের জারলিয়া জলমহালে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাতিয়া গ্রামের তাজুল ইসলাম (৩৩), আকিলপুর গ্রামের শাহারুল ইসলাম (২৮) ও উজ্জ্বল মিয়া (৩০) মারা যান। এতে আরো ২২ জন আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.