মাধবপুর প্রতিনিধি | ১৯ জানুয়ারী, ২০১৭
মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের নতুন নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসক ও কলেজের গভর্নিং বডির সভাপতির কাছে একটি স্মারক লিপি জমা দিয়েছেন শিক্ষার্থীরা।
মানবতাবিরোধী যুদ্ধাপরাধী সৈয়দ মো. কায়সারের পিতা সৈয়দ সঈদ উদ্দিনের নামে এই কলেজ হওয়ায় সম্প্রতি সরকার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজসহ দেশের ৯টি কলেজ নাম পরিবর্তন করে মহান ব্যক্তি কিংবা মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের সিদ্ধান্ত নেয়। শিক্ষা মন্ত্রণালয় জেলা প্রশাসককে সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের নাম বাদ দিয়ে নতুন নাম প্রস্তাব করার জন্য চিঠি দেন। এ খবর শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীদের মধ্যে জানাজানি হলে তারা জাতির জনক বঙ্গবন্ধুর নামে কলেজের নতুন নাম করার দাবি উঠে।
আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশগুপ্ত জানান, গোটা সিলেট বিভাগে জাতির জনক ও তার পরিবারের নামে কোনো প্রতিষ্ঠান নেই। তাই মাধবপুরবাসীর দাবি জাতির জনকের নামে কলেজটির নাম করা হোক।
স্নাতক ১ম বর্ষের ছাত্র সাকিবুল আলম বাবু জানান, জেলা প্রশাসক সাবিনা আলম আমাদেরকে আশ্বাস দিয়েছেন বঙ্গবন্ধুর নামেই এই কলেজের নামকরণের প্রস্তাব পাঠানো হবে।
সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান জানান, বঙ্গবন্ধুর নামে কলেজ হলে এ নিয়ে আর কোন বিতর্ক হবে না। তাই ছাত্র-ছাত্রী শিক্ষক, অভিভাবক এ নামে কলেজ করার জন্য সকলে একমত।