নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারী, ২০১৭
সিলেটে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামীর বদলে অন্য একজন শাস্তি ভোগ করার ব্যাপারে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে রোববার সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন সিলেট জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী।
শনিবার (২১ জানুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে যাদের দায়ী করা হয়েছে তাদের ছাড়া পাওয়ার কোন সুযোগ নেই তবে কোন নিরপরাধী যাতে সাজা না পায় সেদিকেও খেয়াল রাখা হবে।
সিলেট কারাগারে ইকবাল হোসেন বকুল নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীর পরিবর্তে রিপন আহমদ ভূট্টো নামের আরেক ব্যক্তি সাজা খাটার ঘটনা মিডিয়ায় উঠে আসলে এ নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়।
সাজাভোগের ১৪ মাস পর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হান্নানকে প্রধান করে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী। গত মঙ্গলবার তদন্ত প্রতিবেদন জমা দেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি ।
প্রতিবেদন হাতে পেয়ে শনিবার কারাগার পরিদর্শন করলেন জেলা ও দায়রা জজ। তার সাথে ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আব্দুল হান্নান।
কারা ফটকে জেলা ও দায়রা জজ বলেন, তদন্ত রিপোর্টের ভিত্তিতে ভুট্টোর বিষয়ে রোববার সিদ্ধান্ত নেয়া হবে। এই ঘটনার সাথে যে বা যারা জড়িত ছিলেন তারা কেউ রক্ষা পাবেন না। আদালত চায় না কোন নিরপরাধ কারাগারে যাক। তাছাড়া একজনের বদলে অন্যজন সাজা কাটবে এমন কোন সিস্টেমও নেই। এমনকি কেউ ইচ্ছা করলেও তা করতে পারবে না। এই ঘটনায় যারা প্ররোচনা দিয়েছেন তাদেরকেও রেহাই দেয়া হবে না বলে জানান তিনি।
উল্লেখ্য, রিপন আহমদ ভুট্টো ২০১৫ সালের ১১ নভেম্বর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইকবাল হোসেন বকুল হয়ে আদালতে হাজিরা দিলে আদালত তাকে কারাগারে পাঠান। এরপর থেকেই তিনি কারান্তরীন রয়েছেন।