Sylhet Today 24 PRINT

হাওলদার পাড়ায় আবাসিক বাসায় হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক |  ২৫ এপ্রিল, ২০১৫

সিলেট নগরীর হাওলদার পাড়ায় পূর্ব বিরোধের জের ধরে এক বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সিলেট সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের হাওলাদার পাড়া সুরমা আবাসিক এলাকার ২১নং বাসার মো. উস্তার আলীর বাসায় শনিবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মো. উস্তার আলীর স্ত্রী আছমা বেগম জানান- হাওলাদার পাড়ার গফুর মিয়ার ছেলের সাথে তার ছেলের বিরোধ ছিল। ৮নং ওয়ার্ড কাউন্সিল মো. ইলিয়াছুর রহমান ইলিয়াছ ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সালিশে বিষয়টি নিষ্পত্তি করে দেন।

আছমা বেগম আরও জানান- সালিশ বৈঠকে বিরোধ নিষ্পত্তি হলেও শনিবার বাদ আছর হাওলাদার পাড়া জামে মসজিদের সামনে তার ছেলে শামীম আহমদকে পেয়ে সন্ত্রাসী জামালসহ ১০/১২ জন যুবক তাকে ধাওয়া করে। একপর্যায়ে শামীম বাসার ভেতর ঢুকে আত্মরক্ষা করে। পরে সন্ত্রাসীরা বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান- আসমা বেগমের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.