নিজস্ব প্রতিবেদক | ২১ জানুয়ারী, ২০১৭
সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় এক প্রবাসীর বাসা দখলের অভিযোগে জেলা ছাত্রলীগের সহ সভাপতি আলী আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে সোবহানীঘাট থেকে কোতোয়ালি থানা ও শাহপরান থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আলীকে গ্রেপ্তার করে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহাম্মদ।
শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, বাসা দখলের অভিযোগে আলীর বিরুদ্ধে আমাদের থানায় একটি মামলা রয়েছে।
মুন্সি জানান, হারুনুর রশীদ নামে এক আরব আমিরাত প্রবাসী এই বাসার মালিক। আলীসহ তার দলবল কিছু দিন ধরেই বাসাটি দখলের চেষ্টা চালাচ্ছে। হারুনুর রশীদকে হুমকিও প্রদান করছে। এমন অভিযোগে সম্প্রতি হারুনুর রশীদ মামলা করেন।