Sylhet Today 24 PRINT

অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলায় সিলেটের ‘ডিসি তারেক’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২২ জানুয়ারী, ২০১৭

অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে তারেক আহমদ চৌধুরী (ডিসি তারেক) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।

তারেক হাউজিং এস্টেট এলাকার ২ নং রোডের ২৮ নং বাসার বাসিন্দা। তার বাবার নাম সুলতান আহমদ চৌধুরী। তাদের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায়। তারেক স্থানীয়ভাবে ‘ডিসি তারেক’ নামে পরিচিত।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, তারেকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় প্রায় ১ বছর আগের অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা ছিল। সেই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তারেককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ভাতিজা পরিচয় দিয়ে তারেক বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করতেন। তবে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে অবহিত করা হলে তিনি জানান, তারেক নামে তার কোন ভাতিজা নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.