Sylhet Today 24 PRINT

বড়লেখায় প্রশাসনের কঠোরতায় জুয়ার আসর পণ্ড

৬ জুয়াড়ীর জেল-জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ২২ জানুয়ারী, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী বাগীরপারে পৌষ সংক্রান্তি মেলায় প্রশাসনের তৎপরতায় পণ্ড হয়েছে জুয়ার আসর। শনিবার (২১ জানুয়ারি) ছিল পৌষ সংক্রান্তির ফিরতি রথ মেলা। বাগীরপারের রথ মেলায় জুয়ার আসরের প্রস্তুতি নিলেও সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ প্রশাসনের কঠোর অবস্থানের কারণে জুয়া হয়নি।

তবে প্রশাসনকে ফাঁকি দিয়ে জুয়া খেলার প্রস্তুতি নিলে সিলেটের গোলাপগঞ্জ থেকে আসা ২ জুয়াড়ীকে ও পৃথক স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় আরো ৪ জনকে গ্রেপ্তার করে জেল-জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ জানুয়ারি) দাসেরবাজার ইউনিয়নের বাগীরপার ও বর্ণি ইউনিয়নের মিহারী এলাকায় সংক্রান্তি মেলায় প্রকাশ্যে নিষিদ্ধ জুয়ার আসরের আয়োজন করা হয়। যার নেপথ্যে ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা।

এ নিয়ে সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। এরপর গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২১ জানুয়ারি শনিবারের মেলায় যাতে কোন প্রকার জুয়ার আসর না বসানো হয় সেজন্য মেলা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

এদিকে শনিবার (২১ জানুয়ারি) উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বাগীরপারের রথ মেলায় আবারো জুয়ার আসরের প্রস্তুতি নিলে তা ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশ অবস্থান নেয়। সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত প্রশাসনের কঠোর অবস্থানের কারণে আর জুয়া হয়নি। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান কমর উদ্দিন, থানার এসআই জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে জুয়া খেলার প্রস্তুতি নিলে সিলেট থেকে মেলায় জুয়া খেলতে আসা ২ জুয়াড়িকে ১৩’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এরা হচ্ছে-সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের মইন উদ্দিন (২২) ও কাওছার হোসেন (১৮)।

অন্যদিকে পৌর শহরের আদিত্যের মহালে এসআই দেবাশীষ সূত্রধর ও এএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযানে ৪ জুয়াড়ীকে আটক করে পুলিশ। পরে রাত ২টা ৩০ মিনিটের সময় ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের জেল-জরিমানা প্রদান করেন। এরা হল-উপজেলার গাজিটেকা গ্রামের জিয়াউর রহমান (৩০), আরজ আলী (৪২) ও কছির আলী (৫২) এবং ফয়েজ রহমান (১৭)। এদের মধ্যে জিয়াউর রহমানকে ৭দিন, আরজ আলী ও কছির আলীকে ৫দিন করে কারাদণ্ড ও ফয়েজ রহমানকে ৩’শত টাকা জরিমানা করা হয়।

দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন মেলায় জুয়া খেলা বন্ধ ও ৬ জনকে জেল-জরিমানা প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.