Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে শাহ আরেপিন টিলা ধসে দুই পাথর শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জানুয়ারী, ২০১৭

শাহ আরেপিন টিলা ধ্বংস করে চলছে অবৈধভাবে পাথর উত্তোলন। ছবি : বিনয় ভদ্র

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেপিন টিলায় পাথর উত্তোলনকালে টিলা ধসে দুই শ্রমিক মারা গেছেন। সোমবার ভোরে তাদের মৃত্যু হয় বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েছ আলম।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে। আহতও হয়েছেন কয়েকজন।

সোমবার সকাল ১১টার দিকে ওসি বায়েস বলেন, দূর্গম এলাকা হওয়ায় পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। ফলে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের নাম-পরিচয়ও এখনো জানা যায়নি বলে জানান ওসি।

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন জানান, শাহ আরেফিন টিলায় গর্ত খুঁড়ে পাথর তোলার সময় টিলা ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে।

কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী শাহ আরেপিন টিলায় পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে খনিজ সম্পদ মন্ত্রনালয়। তবু নিষেধাজ্ঞা অমান্য করে ঐতিহ্যবাহী এ টিলা থেকে চলছে পাথর উত্তোলন। অবৈধ বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলনেরও অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.