সিলেটটুডে ডেস্ক | ২৩ জানুয়ারী, ২০১৭
সিলেট নগরীতে বৃহদাকার দুটি অবৈধ বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করে বাজেয়াপ্ত করেছে সিলেট সিটি কর্পোরেশন।
সোমবার (২৩ জানুয়ারি) মোবাইল কোর্টের এই অভিযান পরিচালনা করেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শরিফুজ্জামান।
অভিযানকালে সিলেট মহানগরীর তালতলা পয়েন্ট সংলগ্ন একটি মার্কেটের উপর থেকে ৪৫০ স্কয়ার ফুটের একটি অবৈধ বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করে বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে মহানগরীর শেখঘাটের জিতু মিয়ার পয়েন্ট সংলগ্ন একটি মার্কেট ঘেষে স্থাপিত ৭৫০ স্কয়ার ফুটের আরেকটি বৃহদাকার অবৈধ বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করে বাজেয়াপ্ত করা হয়।
সিটি কর্পোরেশনের রাজস্ব শাখা জানিয়েছে, সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মহানগরীতে স্থাপিত অবৈধ ও অনুমোদনবিহীন বিলবোর্ডের তালিকা প্রণয়ন করেছে। সেই মোতাবেক পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন স্থানে বৃহদাকার বিলবোর্ডের অবকাঠামোও অপসারণ করা হয়েছে। যেসব বিলবোর্ডের প্যানফ্লেক্স জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে সেইসব বিলবোর্ডের অবকাঠামোও পর্যায়ক্রমে অপসারণসহ আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করবে সিলেট সিটি কর্পোরেশন।
এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামান জানান, যারা অনুমোদনবিহীন বিলবোর্ড স্থাপন করেছেন এবং সরকার নির্ধারিত কর পরিশোধ করেননি তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন ট্যাক্সেসন অফিসার আবদুল আজিজ, লাইসেন্স অফিসার হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ।