গোয়াইনঘাট প্রতিনিধি | ২৩ জানুয়ারী, ২০১৭
সিলেট তামাবিল মহাসড়কের সারীঘাট বাজার থেকে গোয়াইনঘাট উপজেলা সদর পর্যন্ত খানাখন্দে ভরা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার বারহাল বাজার সংলগ্ন সারী-গোয়াইনঘাট সড়কে আলীরগাঁও উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আলীরগাঁও উন্নয়ন ফোরামের আহ্বায়ক মনজুর আহমদ।
ফোরামের সদস্য সাংবাদিক ইলিয়াস আকরামের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফখরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোলাল কান্তি দেব, ফোরামের সদস্য সচিব রিয়াজ উদ্দিন, ইউপি সদস্যা সমছিদা বেগম, সাবেক ইউপি সদস্য ময়নুদ্দিন ও জামাল উদ্দিন, বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব আব্দুর রব, আবুল হাসনাত, নুরুল হক, শফিকুর রহমান, সিএনজি অটোরিক্সা চালক সমিতির সভাপতি আব্দুন নুর, সাংবাদিক ফোরামের সদস্য আহমেদ সবুজ, আকরাম হোসেন, মোশাররফ হোসেন, এবাদুর রহমান, মনোয়ার হোসেন সাজু, আমিনুল ইসলাম, তোফায়েল, মামুন, রুহুল, রিয়াজুল ইসলাম, নজরুল ইসলাম, হোসাইন আহমদ, সোহেল আহমদ, জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়া বিভিন্ন সংগঠন ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত কয়েক বছর ধরে সিলেট-তামাবিল মহাসড়কের সারীঘাট বাজার থেকে গোয়াইনঘাট উপজেলা সদরে যাতায়াতের একমাত্র সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যাতায়াতের ক্ষেত্রে প্রতিনিয়তই ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় এলাকার জনসাধারণ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ গোয়াইনঘাটে আগত পর্যটকদের। খানাখন্দে ভরা সড়কের কারণে প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের দাবি জানানো হয়। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে মানববন্ধন থেকে জোর দাবি জানান বক্তারা।