সিলেটটুডে ডেস্ক | ২৩ জানুয়ারী, ২০১৭
হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র জিকে গৌছকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুর ১টায় দিকে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও খান মো. সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে ২০১৬ সালের ২০ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক আদেশে মেয়র জিকে গৌছকে সাময়িক বরখাস্ত করে। এই আদেশের বিরুদ্ধে রোববার (২২ জানুয়ারি) গৌছ হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন।
সোমবার রিটের শুনানি শেষে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। শুনানিতে গৌছের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার স.ম রেজাউল করিম।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়াসহ পাঁচ জন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা করা হয়। ২০১৪ সালের ১০ ডিসেম্বর জিকে গৌছসহ ১১ জনকে অভিযুক্ত করে হবিগঞ্জে আদালতে সম্পূরক চার্জশিট দেয় সিআইডি পুলিশ।
২০১৪ সালের ২৮ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন জিকে গৌছ। এরপর থেকেই তিনি হবিগঞ্জ, মৌলভীবাজার পরে সিলেট কারাগারে বন্দি ছিলেন। ৫ জানুয়ারি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে দুই বছর পর মুক্তি পান গউছ।
জিকে গৌছ কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক।