নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারী, ২০১৭
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা ধ্বসে পাথর শ্রমিক নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে এ দুই তদন্ত কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসন এক সদস্য বিশিষ্ট তদন্ত ককমিটিতে সিলেটের অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন এডিএমকে তদন্তের দায়িত্ব দিয়ে দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
তদন্তের দায়িত্ব পাওয়ার কথা স্বীকার করে আবু সাফায়াৎ মুহম্মদ শাহেদুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমি মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যাবো।
অপরিদেক, সিলেটের সহকারী পুলিশ সুপার (উত্তর) হাসনাত আহমদে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি করেছে জেলা পুলিশ।
এই কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা।
সোমবার ভোরে শাহ আরেফিনের টিলার অর্ন্তগত মটিয়ার টিলা কেটে পাথর উত্তোলনকালে ওই টিলা ধসে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে। নিহতরা সকলেই পাথর শ্রমিক। তবে মৃতের সংখ্যা নিয়ে রয়েছে ধুম্রজাল। স্থানীয় সূত্রে ছয়জন মৃত্যুর খবর পাওয়া গেলেও পুলিশের দু'জনের কথা নিশ্চিত করেছে।
ছয়জনের মারা যাওয়ার কথা শুনেছেন জানিয়ে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা বলেন, তবে আমরা এখন পর্যন্ত দু'জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে পেরেছি। তাদের বাড়ি নেত্রকোনা জেলায়।
এই টিলা থেকে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা থাকলেও আঞ্জু মিয়া নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রমিক দিয়ে টিলা কেটে পাথর উত্তোলন করাচ্ছিলেন বলে জানা গেছে।
এব্যাপারে আঞ্জু মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।