Sylhet Today 24 PRINT

চুরাশিতে অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৫ জানুয়ারী, ২০১৭

আজ (বুধবার) ৮৪ তে পা দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি জন্ম নেওয়া মুহিত ৮৩ বছর পূর্ণ করলেন আজ।

অর্থনীতিবিদ, কূটনীতিক, ভাষাসংগ্রামী ও মুক্তিযোদ্ধা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আবু আহমদ আবদুল হাফিজ ছিলেন পাকিস্তান আন্দোলনের অন্যতম নেতা। তৎকালীন সিলেট জেলা মুসলিম লীগের কর্ণধার ছিলেন তিনি। মা সৈয়দা শাহার বানু চৌধুরীও রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুহিত তাদের তৃতীয় সন্তান। আবুল মাল আবদুল মুহিতের স্ত্রী সৈয়দা সাবিয়া মুহিত একজন ডিজাইনার। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

ছাত্রজীবন থেকেই তিনি অত্যন্ত মেধাবী। ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম এবং ১৯৫৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি নেন। ছাত্রাবস্থায় তিনি সলিমুল্লাহ হল ছাত্র সংসদের যুগ্ম-সম্পাদক এবং ভিপি নির্বাচিত হন। সে সময় তিনি ভাষা আন্দোলনে অংশ নেন। ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদানের পর মুহিত তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার এবং পরে বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। চাকরিরত অবস্থায় তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ওপর এমপিএ ডিগ্রি লাভ করেন।

এ ছাড়া ওয়াশিংটন দূতাবাসের তিনি প্রথম কূটনীতিক, যিনি ১৯৭১ সালের জুনে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করেন এবং যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বাংলাদেশে ১৯৭২ সালে তিনি পরিকল্পনা সচিব এবং ১৯৭৭ সালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বহির্সম্পদ বিভাগে সচিব পদে নিযুক্ত হন। ১৯৮২ এবং ৮৩ সালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। মুহিত ২০০৯ সালের ৬ জানুয়ারি বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। বর্তমান সরকারেরও অর্থমন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ।

তিনি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ও জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করেছেন। প্রশাসনিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ছাড়াও বিভিন্ন বিষয়ে তার ২১টি গ্রন্থ রয়েছে।

জন্মিদন উপলক্ষ্যে আজ 'স্মৃতিময় কর্মজীবন’ নামে অর্থমন্ত্রীর লেখা একটি বইয়ের প্রকশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে বইটির প্রকাশনা অনুষ্ঠান হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.