Sylhet Today 24 PRINT

মাধবপুরের পুলিশ এসল্ট মামলার আসামি গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২৫ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে পুলিশকে মারধরের ঘটনায় মূল হোতা শিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাধবপুর থানার উপ-পরিদর্শক আশীষ কুমার মৈত্রের নেতৃত্বে একদল পুলিশ বুধবার ভোর রাতে তাকে মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার সময় ইমেগ্রেশন পুলিশের সহযোগিতায় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শিপন মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামের মাহমুদ হোসেনের ছেলে।

মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত সাজেদুল ইসলাম পলাশ জানান, সোমবার রাত সোয়া ৯টার দিকে মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের ৩২/০৮ জিআর ১৪২/৬ এর গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি শিপন মিয়াকে আটক করলে তার আত্মীয় স্বজনরা অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর চড়াও হয়ে ওয়ারেন্ট আসামি শিপনকে ছিনিয়ে নেয়। এতে এসআই কামরুল ইসলাম, এএসআই জালাল উদ্দিন, এএসআই মাছুম, কনষ্টেবল ভজন দাস, কনষ্টেবল মনির হোসেন আহত হন। রাতেই তাদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে এসআই কামরুল ইসলাম শিপন মিয়াকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, কতর্ব্য কাজে বাধা সহ বিভিন্ন অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার মৈত্র জানান, গ্রেপ্তার এড়াতে শিপন মঙ্গলবার রাতে মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার জন্য ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে চলে যায়। গোপন সূত্রে এ খবর জানতে পেরে ইমেগ্রেশন পুলিশের সহযোগিতায় বুধবার ভোররাতে বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত শিপন গাজীপুর গ্রামে পুলিশ এসল্ট মামলার প্রধান আসামি। এর আগে পুলিশ গাজী গ্রামে অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি কামাল মিয়া (৩৭) কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.