সুনামগঞ্জ প্রতিনিধি | ২৫ জানুয়ারী, ২০১৭
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সুরমা নদীর ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণের দাবিতে দোয়ারাবাজার উপজেলা সদরে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিদের পাশের সড়কে শতাধিক মুক্তিযোদ্ধার অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দোয়রাবাজার উপজেলা নদী ভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও মনফর আলী মনুর সঞ্চালনায় মানববন্ধেনে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফর আলী, ডেপুটি কমান্ডার মনফর আলী, দোহালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়ারিছ আলী, মুক্তিযোদ্ধা ফতেহুল ইসলাম, ব্যবসায়ী মাশুক মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আর কত কর্মসূচি পালন করলে টনক নড়বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। শত শত বাড়ী ঘর, মসজিদ, মাদরাসা, বাজার ইতোমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। মানববন্ধনের মতো অসহায় ও দুর্বল কর্মসূচি পালন ছাড়া আর কিছুই করার নেই আমাদের। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।
প্রয়োজনে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের ঘোষণা দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।