শাকিলা ববি, হবিগঞ্জ | ২৫ জানুয়ারী, ২০১৭
নবীন বরণ শুনলেই মনে হয় কোন কলেজের বা বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার অনুষ্ঠান। সাধারণত হাইস্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তির পরই শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ১ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য নবীন বরণ অনুষ্ঠান করছেন রামচরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ।
বুধবার (২৫ জানুয়ারি) হবিগঞ্জ শহরের পুরানমুন্সেফী এলাকায় অবস্থিত রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ব্যতিক্রমধর্মী নবীন বরণের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরূন নাহারের নেতৃত্বে এবং শ্রেণি শিক্ষক গৌরী রায়ের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই ১ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। এছাড়াও ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা উপকরণ দেয়া হয় এবং তাদের জন্য আপ্যায়নেরও ব্যবস্থা করা হয়। নবীন বরণ অনুষ্ঠানে বাচ্চারা আবৃত্তি, নাচ ও গান করে আনন্দ উল্লাস করে।
১ম শ্রেণির শিক্ষার্থী প্রান্তি ও নাঈম বলে, আজকে আমাদেরকে ম্যাডামরা ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। আমরা সবাই খুব মজা করেছি।
একই শ্রেণির আরিফ ও নিশাত জানায়, আজকের অনুষ্ঠানে আমরা নাচ গান করেছি। ম্যাডামরা ও আমাদের সাথে অনেক আনন্দ করেছেন।
শ্রেণি শিক্ষক গৌরী রায় বলেন, ১ম শ্রেণি হচ্ছে বাচ্চাদের গড়ে উঠার প্রথম সোপান। শিক্ষাজীবনের শুরুতেই যদি বাচ্চাদের আনন্দকে গুরুত্ব দেয়া হয় তাহলে পড়ালেখার প্রতি তার আর কোনো অনীহা থাকবে না। আজ ১ম শ্রেণির ৩০ জন ছাত্র-ছাত্রীকে ফুল দিয়ে বরণ করে নিয়েছি আমরা। এছাড়াও তাদের জন্য শিক্ষা উপকরণ ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। বাচ্চাদের লেখাপড়ার প্রতি মনোযোগ বৃদ্ধি করার জন্যই আমাদের এই উদ্যোগ।