সিলেটটুডে ডেস্ক | ২৫ জানুয়ারী, ২০১৭
সিলেট সিটি কর্পোরেশনের অভিযানে দুটি অবৈধ বিলবোর্ড এবং একটি ইউনিপুল সাইনের প্যানাফ্লেক্স জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) এই লক্ষ্যে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মো. শরিফুজ্জামান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। বেলা সাড়ে ১১টায় প্রথমে সুরমা মার্কেট পয়েন্টের একটি বহুতল ভবনের ছাদে স্থাপিত ৬০০ স্কয়ার ফুটের অবৈধ বিলবোর্ডের প্যানাফ্লেক্স খুলে নিয়ে জব্দ করা হয়।
পরবর্তীতে মহানগরীর সোবহানীঘাটে স্থাপিত অবৈধ বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করা হয়। সোবহানীঘাটের ডিভাইডারে স্থাপিত সাড়ে ৪০০ স্কয়ার ফুটের বৃহদাকার অবৈধ ইউনিপুল সাইনের প্যানাফ্লেক্স জব্দ করার পর পাশের একটি মার্কেটের ছাদে স্থাপিত সাড়ে ৭০০ স্কয়ার ফুটের বৃহদাকার বিলবোর্ডের প্যানাফ্লেক্স জব্দ করা হয়।
সোবহানীঘাটে মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব। অভিযানকালে মেট্রোপলিটন পুলিশের একটি টিম, সিলেট সিটি কর্পোরেশনের ট্যাক্সেসন অফিসার আবদুল আজিজসহ কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশনের সংশ্লিস্ট শাখা জানায়, বিগত বছরের মতো চলতি বছরের শুরু থেকেই অবৈধ ও অনুমোদনবিহীন বিলবোর্ডে উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। বিগত বছর বিভিন্ন স্থানে বৃহদাকার বিলবোর্ডের অবকাঠামোও অপসারণ করা হয়েছে। যেসব বিলবোর্ডের প্যানফ্লেক্স জব্দ করে বাজেয়াপ্ত করা হয়েছে সেইসব বিলবোর্ডের অবকাঠামোও এই বছর পর্যায়ক্রমে অপসারণসহ আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করবে সিলেট সিটি কর্পোরেশন।