Sylhet Today 24 PRINT

ছাতকে প্রকল্প বরাদ্দ নিয়ে চেয়ারম্যান-মেম্বারের হাতাহাতি

ছাতক প্রতিনিধি |  ২৫ জানুয়ারী, ২০১৭

ছাতকে কাবিখার প্রকল্প বরাদ্দ নিয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। চেয়ারম্যান-মেম্বারের এ অপ্রীতিকর ঘটনা নিয়ে এলাকায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।

সূত্র জানায়, সদ্য জেলা পরিষদ নির্বাচনে পক্ষে-বিপক্ষ সমর্থন নিয়ে চেয়ারম্যান আব্দুল মছব্বিরের সাথে ৫নং ওয়ার্ডের মেম্বার ও ভুঁইগাঁও গ্রামের বাসিন্দা আজিজুর রহমান গেদা মিয়ার চাপা বিরোধ চলে আসছিল। সকালে পরিষদ কার্যালয়ে কাবিখার বরাদ্দ নিয়ে চেয়ারম্যানের সাথে বাকবিতণ্ডা হয় মেম্বার আজিজুর রহমান গেদা মিয়ার। সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মনোনীত প্রার্থীকে ভোট না দেয়ায় ৫নং ওয়ার্ডে কাবিখার বরাদ্দকৃত প্রজেক্ট মেম্বার আজিজুর রহমান গেদা মিয়ার অনুকূলে দেয়া হয়নি। এ নিয়ে চেয়ারম্যান-মেম্বারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ ও হট্টগোলের সৃষ্টি হয়।

মেম্বার আজিজুর রহমান গেদা মিয়া জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নুরুল হুদা মুকুটকে ভোট দেয়ায় তাকে তার অধিকার থেকে বঞ্চিত রাখতে চান চেয়ারম্যান। তার ওয়ার্ডের কাজ তাকে না দিয়ে বা সমন্বয় না করে মহিলা মেম্বারকে কাবিখার প্রকল্প বরাদ্দ দেয়া হয়েছে। বিষয়টি জানতে চাইলে চেয়ারম্যান আব্দুল মছব্বির ক্ষুব্ধ হয়ে তাকে লাঞ্ছিত করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, জেলা পরিষদ নির্বাচনে টাকার বিনিময়ে ভোট দেয়ায় স্থানীয় এমপি মেম্বার আজিজুর রহমানের প্রতি বিমুখ। ফলে তাকে কাবিখার প্রকল্প বরাদ্দ না দিয়ে মহিলা মেম্বারকে বরাদ্দ দেন এমপি। এ ঘটনা নিয়ে মেম্বার আজিজুর রহমান গেদা মিয়ার সাথে তার হাতাহাতি হয়েছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.