Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ৫

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ জানুয়ারী, ২০১৭

হবিগঞ্জে মাইক্রোবাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের চুনারুঘাট থানার উলুকান্দি রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মাইক্রোচালক কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকার আল আমিন (২৭) ও ঝালকাঠি জেলার গৌতম (৩০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে একটি মাইক্রোবাস সিলেট মাজারে যাচ্ছিল। পথে মহাসড়কের উলুকান্দি এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে নিয়ে আসে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন জানান, পুলিশ ঘটনার খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে এবং আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। নিহত ও আহতরা সবাই ভৈরব এলাকার একটি কারখানায় কাজ করতো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.