নিজস্ব প্রতিবেদক | ২৬ জানুয়ারী, ২০১৭
ছাতকে রেস্তোরাঁর কর্মচারীদের মারধরে ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহত ফল বিক্রেতার নাম মঞ্জিল মিয়া (৩৫)। তিনি ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিগলী চাকলপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, ছাতকের গোবিন্দগঞ্জ বাজারের মোড়ে মঞ্জিল মিয়ার একটি ভ্রাম্যমাণ ফলের দোকান আছে। বৃহস্পতিবার সকালে বাজারের নিজাম রেস্তোরাঁয় নাশতা খেতে যান তিনি। এ সময় নাশতা দিতে দেরি হওয়ায় রেস্তোরাঁর এক কর্মচারীর সাথে মঞ্জিলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রেস্তোরাঁর কর্মচারীরা একজোট হয়ে মঞ্জিলকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
ছাতক থানার ওসি আশেকে সুজা মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দেলোয়ার হোসেন (২২) নামের এক যুবককে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। তবে এ ঘটনায় মামলা দায়ের করা হয় নি
তিনি আরো বলেন, লাশের শরীরে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।