Sylhet Today 24 PRINT

এক যুগেও শেষ হয়নি কিবরিয়া হত্যার বিচার

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০১৭

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার ১২ বছর পূর্ণ হচ্ছে আজ (শুক্রবার)। এই যুগেও শেষ হয়নি কিবরিয়া হত্যা মামলার বিচার কাজ। হত্যাকারীদের শাস্তি না দেখেই বিদায় নিয়েছেন এই হত্যা মামলার বিচারের দাবিতে আন্দোলন গড়ে তোলা কিবরিয়া পত্নী চিত্রশিল্পী আসমা কিবরিয়া।
 
একাধিকবার তদন্ত এবং নানা আইনী জটিলতায় এক যুগেও কিবরিয়া হত্যার বিচার শেষ হয়নি। হবিগঞ্জের আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হওয়া চাঞ্চল্যকর এই মামলায় ১৭১ জনের মধ্যে মধ্যে মাত্র ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। বিচার বিলম্বিত হওয়ায় নিহতদের পরিবারেও শংকা তৈরি হয়েছে।
 
২০০৫ সালের ২৭ জানুয়ারি সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ পূণর্মিলনী উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন। হামলায় আহত হন অন্তত ৪৩ জন।
 
এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়। উভয় মামলায় একাধিকবার তদন্ত হয়। সর্বশেষ তদন্তে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি চেয়ারপার্সনের সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেটের সাময়িক বহিস্কৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে গউছসহ ৩২ জনকে আসামিভুক্ত করা হয়। এর মাঝে আরিফুল হক চৌধুরী ও জি কে গউছসহ ১০ জন উচ্চ আদালত থেকে জামিনে, ৮ জন পলাতক ও ১৪ জন কারাগারে আটক আছেন।
 
মামলা দুটির বাদী বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ খান এমপি বলেন, তদন্তে দীর্ঘ সময় ব্যয় হয়েছে। মামলায় সাক্ষী অনেক। ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের ৪৩ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সাক্ষীদের কেউ কেউ এখনো বাকি রয়ে গেছেন। ফলে দেরি হওয়ার জন্য নিহতদের পরিবারে কিছু শংকা থাকতেই পারে।
 
এ ঘটনায় আহত জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির জানান, আইন নিজস্ব গতিতেই চলছে। তবে কখনও সাক্ষী হাজির হয়না। আবার কখনো আসামি হাজির না থাকায় সাক্ষ্য নিতে পারেন না বিচারক। এ পরিস্থিতির কারণে মূলত বিচার বিলম্বিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.