জকিগঞ্জ প্রতিনিধি | ২৭ জানুয়ারী, ২০১৭
জকিগঞ্জ সরকারি কলেজে অনার্সসহ ডিগ্রী চালুর দাবীতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে বিভিন্ন সংগঠন। এবার কলেজ শিক্ষার্থীরা জকিগঞ্জ সরকারি কলেজ ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে বৃহত্তর কর্মসূচীর ডাক দিয়েছে। কর্মসুচীর মধ্যে ২ ফেব্রুয়ারী গণস্বাক্ষর সংগ্রহ, ৭ ফেব্রুয়ারী মানববন্ধন ও ১৫ ফেব্রুয়ারী আমরণ অনশন।
সংগঠনের সভাপতি গুলজার আহমদ, সাধারণ সম্পাদক শান্ত পাটোয়ারী জানান, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত জকিগঞ্জের একমাত্র সরকারি কলেজটিতে শিক্ষার্থী সংখ্যা ৭ শতাধিক। অবহেলিত এ জনপদের শিক্ষার্থীরা এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ে। কলেজে শিক্ষকের ১১টি পদের মধ্যে ৫টি পদই শূণ্য। চাহিদামত বিষয়েরও অভাব। তিনটি বিভাগে ১১টি বিষয় পড়ানো হয় এ কলেজে। এসব দাবী পুরণে আমরা বাধ্য হয়েই আন্দোলনের ডাক দিয়েছি। তারা এ আন্দোলনে সকলের সহযোগিতাও কামনা করেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে গণ-স্বাক্ষর সংগ্রহ, স্মারকলিপি, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও আমরণ কর্মসূচি। কর্মসূচি ঘোষণার সভায় উপস্থিত ছিলেন ছাত্র ঐক্য পরিষদের সহ সভাপতি মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, অর্থ সম্পাদক সাইফুল আলম, সহ অর্থ সম্পাদক আকাশ রায়, প্রচার সম্পাদক মর্তুজা আশরাফ, ক্রিড়া সম্পাদক সাগর আহমদ, পাঠাগার সম্পাদক জামিল ইসলাম নাইম, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদসহ অনান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বিগত দীর্ঘ তিন দশকেও জকিগঞ্জ সরকারি কলেজে অনার্সসহ ডিগ্রী কোর্স চালু হয়নি। চার বছর আগে জকিগঞ্জ সরকারি কলেজে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ জকিগঞ্জ সরকারী কলেজে দ্রুত অনার্সসহ ডিগ্রী কোস চালুর আশ্বাস দিয়েছিলেন কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। ফলে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে হচ্ছে জকিগঞ্জের শিক্ষার্থীদের।