হবিগঞ্জ প্রতিনিধি | ২৬ এপ্রিল, ২০১৫
হবিগঞ্জের ২২টি কলেজ ও মাদ্রাসার ১ হাজার ৯৯২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তি পেয়েছে। তন্মধ্যে ১ হাজার ৮২৩ জন ছাত্রী এবং ১৬৯ জন ছাত্র।
রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই উপবৃত্তি বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুর রউফ এর সভাপতিত্বে উপবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ মো. মমিনুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, জেলার স্নাতক ও সমমানের শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ১ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৪০টাকা বরাদ্দ করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে এককালীন বিতরণ করা হয়।
উপবৃত্তি প্রাপ্তদের মাঝে সদর উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১ হাজার ১২০ জন, নবীগঞ্জ উপজেলার ৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩৭৯ জন, বানিয়াচংয়ের ৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১২৩ জন, আজমিরীগঞ্জের ১টি কলেজের ৪২ জন, চুনারুঘাটে ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন, বাহুবলের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৩ জন ও মাধবপুরের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৫ জন। লাখাই উপজেলায় কোন স্নাতক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান নেই।