Sylhet Today 24 PRINT

মসজিদের হিসাব নিয়ে বিশ্বনাথে ফের সংঘর্ষ, নারীসহ আহত ২০

বিশ্বনাথ প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০১৭

মসজিদের ইমাম ও বার্ষিক হিসাবকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথে ফের দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার লামাকাজি ইউনিয়নের মঙ্গলগিরি গ্রামের ইদ্রিস আলী ও আছকির আলী পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এর আগে ২ জানুয়ারি একই বিষয়কে কেন্দ্র করে বশির আলী ও ইদ্রিস আলীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ১০ জনকে আটক করে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলগিরি গ্রামের মসজিদের ইমাম ও বার্ষিক হিসাব নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার ইদ্রিস আলী ও আছকির আলী পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষে নারীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।  পরে সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উভয়পক্ষের আহতরা হলেন, নেওয়ারুন নেছা, তৈমুছ আলী, সাধু মিয়া, ছোয়াব আলী, আনোয়ার মিয়া, জামাল আহমদ, লালা মিয়া, রিয়াজ উদ্দিন, আমির আলী, সায়মন আলী, মানিক মিয়া, রফিক আলী, দিলোয়ার হোসেন, নূর উদ্দিন, দুলাল মিয়া, মিজান আহমদ, করিম মিয়া, ফয়জুল ইসলাম, আব্দুন নূর।

বর্তমানে পরিস্থিতি শান্ত দাবি করে বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মামলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.